Category: ফুটবল

  • ফাইনালের আগে মেসি ঠেকানোর রণকৌশল জানাল স্পেন

    ফাইনালের আগে মেসি ঠেকানোর রণকৌশল জানাল স্পেন

    ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে থামাতে বিশেষ কৌশল নিয়েছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মহারণের আগে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, মেসিকে কোনো একজন খেলোয়াড় দিয়ে আটকানো সম্ভব নয়; বরং পুরো দলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

    তিনি বলেন, স্পেনের পরিকল্পনা হলো মেসির জন্য জায়গা কমিয়ে দেওয়া, পাসের পথ বন্ধ করা এবং আর্জেন্টিনার আক্রমণভাগকে বিচ্ছিন্ন রাখা। এজন্য মাঝমাঠ ও রক্ষণভাগে সমন্বিত প্রেসিং কৌশল প্রয়োগ করা হবে।

    অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও স্পেনের পরিকল্পনার কথা মাথায় রেখে কৌশলগত পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। মেসিকে বাড়তি চাপ থেকে মুক্ত রাখতে মাঝমাঠে নতুন পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানা গেছে।

    বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য নাকি দলীয় কৌশল—কোনটি শেষ পর্যন্ত জয়ী হবে, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

  • বিশ্বকাপ ফাইনালে ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    বিশ্বকাপ ফাইনালে ঢাকার মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাজধানী ঢাকায় ফুটবল উন্মাদনার পাশাপাশি আয়োজন করা হয়েছে একাধিক জমকালো সংগীতানুষ্ঠানের। রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ কনসার্ট।

    বনানীর পূজা মাঠে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যান ফেস্টে পারফর্মের পর এবার ঢাকার দর্শকদের জন্য বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।

    অন্যদিকে ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শীর্ষক অনুষ্ঠানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান। এছাড়া ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলামও মঞ্চে পারফর্ম করবেন।

    রাতভর ফুটবল আর সংগীতের এই আয়োজন বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাজধানীর দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা যোগ করবে।

  • এমবাপ্পের জোড়া গোলে কঠিন হলো মেসির গোল্ডেন বুটের লড়াই

    এমবাপ্পের জোড়া গোলে কঠিন হলো মেসির গোল্ডেন বুটের লড়াই

    ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন তিনি। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোলসংখ্যা ৮।

    গোলের পাশাপাশি এমবাপ্পের অ্যাসিস্টও রয়েছে চারটি, যা মেসির সমান। ফিফার নিয়ম অনুযায়ী গোল ও অ্যাসিস্ট সমান হলে কম সময় মাঠে খেলা ফুটবলার এগিয়ে থাকেন। সেই হিসাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপ্পে।

    ফলে ফাইনালে শুধু দুটি গোল করলেই মেসির গোল্ডেন বুট নিশ্চিত হবে না। ব্যক্তিগত এই পুরস্কার জিততে হলে তাকে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করতে হবে অথবা দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট যোগ করতে হবে।

    রোববার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল। শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইটিও থাকবে দর্শকদের বিশেষ নজরে।

  • ফাইনালের আগে আত্মবিশ্বাসী মেসি, দলগত শক্তিতেই ভরসা

    ফাইনালের আগে আত্মবিশ্বাসী মেসি, দলগত শক্তিতেই ভরসা

    ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, বড় ম্যাচের চাপ নিয়ে তিনি বা তার দল ভাবেন না। বরং প্রতিটি ম্যাচ উপভোগ করেই খেলতে চান তারা।

    নিউইয়র্কে ফাইনালের আগে আয়োজিত সংবাদ অনুষ্ঠানে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত হয়ে মেসি বলেন, ফুটবল একটি দলগত খেলা এবং প্রতিপক্ষও জয়ের জন্য লড়ে। তাই সব সময় জয় সম্ভব নয়, তবে নিজেদের সেরাটা দেওয়াই তাদের লক্ষ্য।

    শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরে মেসি বলেন, হার থেকেই তিনি সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন এবং সেটিই তাকে একজন পরিণত মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।

    স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, তিনি বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার। তবে ফাইনালে আর্জেন্টিনা চেষ্টা করবে ইয়ামালকে স্বাভাবিক খেলাটা খেলতে না দিতে।

    রোববারের ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেন লড়বে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ের জন্য।

  • বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ রিং

    বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ রিং

    আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে বিশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিং

    রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি চ্যাম্পিয়ন দলের ৩০ জন সদস্যের জন্য বিশেষভাবে তৈরি করা হবে স্মারক রিং।

    ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে প্রচলিত চ্যাম্পিয়নশিপ রিংয়ের আদলে তৈরি হচ্ছে এ রিং। এতে থাকবে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং বিশেষ খোদাই করা নকশা। এছাড়া ফুটবলপ্রেমীদের জন্য আরও ১ হাজার ৯৯৬টি রিং বিক্রির পরিকল্পনা রয়েছে।

    ফাইনালে ট্রাম্পের উপস্থিতি আগেই নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। যদিও এবারের বিশ্বকাপের আগের কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি।

    এদিকে, কানাডার দাবানলের কারণে নিউইয়র্ক অঞ্চলে বায়ুদূষণের সতর্কতা জারি থাকলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এর প্রভাব পড়বে না বলে আয়োজকরা জানিয়েছেন।

  • কোলের সেই শিশুই এখন ফাইনালে মেসির প্রতিপক্ষ

    কোলের সেই শিশুই এখন ফাইনালে মেসির প্রতিপক্ষ

    ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ছবি এবার যেন বাস্তবে রূপ নিতে চলেছে। ২০০৮ সালে মাত্র আট মাস বয়সী লামিনে ইয়ামালকে কোলে নিয়ে গোসল করাচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। ১৮ বছর পর সেই শিশুই এখন বিশ্বকাপ ফাইনালে মেসির প্রতিপক্ষ।

    ফিফার এক অনুষ্ঠানে সেই ছবি নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, “সত্যি বলতে, ছবিটা অবিশ্বাস্য। তখন সে ছিল একটা শিশু, আর এখন বিশ্বকাপ ফাইনালে আমার বিপক্ষে খেলতে যাচ্ছে। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার জন্য শুভকামনা, তবে আমরা চেষ্টা করব যেন সে তার সেরা খেলাটা খেলতে না পারে।”

    অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামালও বলেছিলেন, মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারা তার জন্য হবে স্বপ্নপূরণ।

    ২০০৮ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে তোলা সেই ছবিটি ২০২৪ সালে আবার ভাইরাল হয়। এবার সেই ছবির দুই চরিত্রই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

  • রক্তাক্ত মেসি, আরও দৃঢ় প্রত্যাবর্তন—ইতিহাস কি আবারও আর্জেন্টিনার পক্ষে?

    রক্তাক্ত মেসি, আরও দৃঢ় প্রত্যাবর্তন—ইতিহাস কি আবারও আর্জেন্টিনার পক্ষে?

    ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল না করলেও একটি অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি ছিল তার দশম অ্যাসিস্ট, যার মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

    কানসাস সিটির ম্যাচে সুইস ডিফেন্ডারদের একাধিক কঠোর ট্যাকেলের শিকার হয়ে রক্তাক্ত হন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। চিকিৎসা নিয়েও মাঠ ছেড়ে যাননি তিনি। বরং দলের প্রথম গোলের ভিত্তি গড়ে দেন তার কর্নার থেকেই, যা থেকে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার হেডে জাল খুঁজে নেন। পরে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

    মেসির ক্যারিয়ারে বড় টুর্নামেন্টে চোট বা রক্তাক্ত হওয়ার পরও সাফল্যের নজির নতুন নয়। ২০২১ কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে রক্তাক্ত হওয়ার পরও ফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত শিরোপা জেতে। আবার ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে কান্নাজড়িত অবস্থায় মাঠ ছাড়লেও অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

    ক্লাব ফুটবলেও রয়েছে একই রকম স্মরণীয় অধ্যায়। ২০১৭ সালের এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখ রক্তাক্ত হওয়ার পরও যোগ করা সময়ে জয়সূচক গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেন মেসি। সেই ম্যাচে বার্নাব্যুতে জার্সি উঁচিয়ে ধরা তার উদযাপন আজও ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবে বিবেচিত।

    বিশ্বকাপের চলতি আসরেও রক্তাক্ত হওয়ার পর মেসির নেতৃত্বে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সাম্প্রতিক ইতিহাস বলছে, প্রতিকূলতা যতই বাড়ুক, মেসিকে থামানো কখনোই সহজ হয়নি।

  • আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির পক্ষে কলিনা, ‘রেফারিদের সততা প্রশ্নবিদ্ধ করা অগ্রহণযোগ্য’

    আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির পক্ষে কলিনা, ‘রেফারিদের সততা প্রশ্নবিদ্ধ করা অগ্রহণযোগ্য’

    আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইগি কলিনা। তিনি জোর দিয়ে বলেছেন, বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্তে কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব কাজ করে না এবং তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের নিরপেক্ষতা নিয়ে মন্তব্য করেন। একই সময়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়। বিশেষ করে ভিএআরের সহায়তায় মিশরের একটি গোল বাতিল এবং ম্যাচের শেষদিকে সালাহ ও হুলিয়ান আলভারেজের সংঘর্ষের পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় মিশর।

    এসব অভিযোগের জবাবে কলিনা বলেন, রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলা তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে। তিনি স্পষ্ট করেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ কোনো ব্যক্তির প্রভাবে বিশ্বকাপের রেফারিরা সিদ্ধান্ত নেন না।

    মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গে কলিনা জানান, ভিএআর আক্রমণের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের ওপর হওয়া ফাউল শনাক্ত করেছিল। যেহেতু সেই আক্রমণ থেকেই গোল এসেছে, তাই অন-ফিল্ড রিভিউয়ের পর গোল বাতিল করা হয়।

    সালাহ ও আলভারেজের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, এটি রেফারির ব্যাখ্যার বিষয়। রেফারি ও ভিএআরের মূল্যায়নে ঘটনাটি স্বাভাবিক খেলার অংশ ছিল, তাই পেনাল্টি দেওয়া হয়নি।

    এদিকে ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জমা দিয়েছে মিশর ফুটবল ফেডারেশন।

  • মিশরের পক্ষ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানী, বললেন ‘সত্যিই ডাকাতি করা হয়েছে!’

    মিশরের পক্ষ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানী, বললেন ‘সত্যিই ডাকাতি করা হয়েছে!’

    ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় হারের রেশ এবার ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে চলমান আলোচনায় এবার মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। তিনি দাবি করেছেন, শেষ ষোলোর ওই ম্যাচে মিশর অন্যায়ের শিকার হয়েছে।

    বুধবার ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মামদানী। নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নতুন উদ্যোগের ফলে বাসযাত্রীদের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

    তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত যাত্রীদের বছরে অন্তত ২৪ ঘণ্টা সময় সাশ্রয় হবে। এক বছর শেষে সেই সাশ্রয় দাঁড়াবে প্রায় দুই দিনে। এই অতিরিক্ত সময় পরিবার, সন্তান এবং ব্যক্তিগত জীবনে ব্যয় করার সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।

    বক্তব্যের একপর্যায়ে বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এনে মামদানী বলেন, “এই বাড়তি সময়ের মানে বন্ধুদের সঙ্গে বসে একমত হওয়া যে, মিশরের সঙ্গে সত্যিই ডাকাতি করা হয়েছে।”

    মামদানীর এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কারণ, মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে।

    শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

    ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর একটি গোল ভিএআরের সহায়তায় বাতিল করা হয়। পরে ম্যাচের শেষ দিকে হামদি ফাথির ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির দাবি জানালেও তা নাকচ করে দেন রেফারি। ঠিক সেই আক্রমণের ধারাবাহিকতায় যোগ করা সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।

    ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, “আমরা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিলাম। আমাদের একটি গোলও বাতিল করা হয়েছে। কেন সেটি বাতিল হলো, আমি বুঝতে পারছি না।”

    স্ট্রাইকার মোস্তফা জিকোও রেফারির সমালোচনা করে বলেন, “রেফারি শুরু থেকেই আমাদের বিপক্ষে ছিলেন। তিনি চাননি আমরা জিতি।”

  • বিশ্বাস আর ধৈর্যের ম্যাজিকে শেষ আটে স্পেন

    বিশ্বাস আর ধৈর্যের ম্যাজিকে শেষ আটে স্পেন

    কখনো কখনো ফুটবল শুধু আক্রমণের নয়, ধৈর্য ও সঠিক সময়ের অপেক্ষার খেলাও। প্রতিপক্ষকে টানা চাপে না ফেলে সুযোগের অপেক্ষায় থেকে এক আঘাতে ম্যাচ নিজেদের করে নেওয়ার যে দর্শন, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পরিচয় ছিল সেটিই। ১৬ বছর পর ডালাসে পর্তুগালের বিপক্ষে সেই পুরোনো স্পেনকেই যেন আবার দেখা গেল।

    শেষ ষোলোর লড়াইয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার অপেক্ষা আর অতিরিক্ত সময়ের সম্ভাবনা যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই বদলে যায় ম্যাচের চিত্র। যোগ করা সময়ে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দেন বদলি ফুটবলার মিকেল মেরিনো। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।

    ম্যাচজুড়ে পর্তুগাল সমানতালে লড়াই করলেও শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে পরিকল্পনা বাস্তবায়ন করে স্পেন। প্রতিপক্ষকে ক্লান্ত করে সঠিক সময়ে আঘাত হানার কৌশলই এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য।

    স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো বড় ম্যাচে শেষ মুহূর্তের গোলের জন্য নতুন নন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও জার্মানির বিপক্ষে শেষ সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।

    ম্যাচ শেষে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, “মিকেল মেরিনো কখনোই আমাদের হতাশ করে না। সে সবসময় নির্ভরতার প্রতীক। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে, আবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের পাশে দাঁড়িয়েছে। নিজের পজিশনে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।”

    আবেগাপ্লুত মেরিনো বলেন, “কয়েক মাস আগেও এখানে থাকার কথা ভাবিনি। আজ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ অনুভব করছি। সব পরিশ্রম আজ সার্থক।”

    এই ম্যাচে ইতিহাসও গড়েছে স্পেন। পর্তুগালকে গোল করতে না দিয়ে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ ক্লিন শিট রাখার নতুন রেকর্ড গড়েছে তারা। এর আগে ১৯৯০ সালে ইতালি এবং ২০০৬-২০১০ সময়ে সুইজারল্যান্ড টানা পাঁচ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড গড়েছিল।

    গোলরক্ষক উনাই সিমোনও গড়েছেন নতুন মাইলফলক। বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

    তবে এই সাফল্যের কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন স্প্যানিশ কোচ। দে লা ফুয়েন্তে বলেন, “এটি শুধু উনাইয়ের অর্জন নয়। পুরো দলের সংহতি, পরিশ্রম, আত্মত্যাগ এবং একে অপরের জন্য লড়াই করার মানসিকতার ফল এই রেকর্ড।”

    এখন স্পেনের সামনে আরও কঠিন পরীক্ষা। আগামী ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ডালাসের এই জয় স্পষ্ট করে দিয়েছে—স্পেন শুধু সুন্দর ফুটবল খেলতেই নয়, বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে।