আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে নতুন এক উদ্যোগ নিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে বিশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিং।
রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি চ্যাম্পিয়ন দলের ৩০ জন সদস্যের জন্য বিশেষভাবে তৈরি করা হবে স্মারক রিং।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে প্রচলিত চ্যাম্পিয়নশিপ রিংয়ের আদলে তৈরি হচ্ছে এ রিং। এতে থাকবে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফির প্রতীক এবং বিশেষ খোদাই করা নকশা। এছাড়া ফুটবলপ্রেমীদের জন্য আরও ১ হাজার ৯৯৬টি রিং বিক্রির পরিকল্পনা রয়েছে।
ফাইনালে ট্রাম্পের উপস্থিতি আগেই নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। যদিও এবারের বিশ্বকাপের আগের কোনো ম্যাচে ট্রাম্পকে দেখা যায়নি।
এদিকে, কানাডার দাবানলের কারণে নিউইয়র্ক অঞ্চলে বায়ুদূষণের সতর্কতা জারি থাকলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এর প্রভাব পড়বে না বলে আয়োজকরা জানিয়েছেন।