নিজস্ব প্রতিবেদক : দেশে গত মে মাসে অন্তত ২৫৯ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৪৫ জন কন্যা এবং ১১৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের সংরক্ষিত তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।
তথ্য অনুযায়ী, মে মাসে ৫৯ জন কন্যা ও ১৩ জন নারীসহ মোট ৭২ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৮ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর ৩ জন কন্যাসহ ৪ জনকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৩ জন কন্যা। এছাড়া ২২ জন কন্যাসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন সহিংসতার শিকার হয়েছেন ২২ জন। এর মধ্যে ১৩ জন কন্যাসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন, ২ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন এবং উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা। এছাড়া ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে ১২ জন কন্যা ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আরও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৬ জন কন্যা ও ১৬ জন নারীসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া ৮ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ৩ জন কন্যাসহ ৪ জন। এসিডদগ্ধ হয়েছেন ২ জন, যার মধ্যে একজন কন্যা। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী।
সংগঠনটির তথ্যমতে, যৌতুকের কারণে ৪ জন নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একজন নারী। একজন কন্যা গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।
অন্যদিকে ১৬ জন কন্যাসহ ২৬ জন অপহরণের শিকার হয়েছেন। আরও ২ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ৩ জন পাচারের শিকার হয়েছেন। ২ জন কন্যাসহ মোট ৯ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া ১ জন কন্যাসহ ৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।