জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, গত তিন দিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে সীমান্ত সফরের ঘোষণা দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তবে তার দাবি, এনসিপির আগমনের খবর পেয়ে আগেই সরে গেছে ‘শুভেন্দুর বাহিনী’।
বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল সীমান্ত-এর সাদিপুর মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। এ দেশের এক ইঞ্চি মাটিও পুশইনের মাধ্যমে ভারতকে দখল করতে দেব না।”
তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে বিজিবি ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, তাদের দল ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় আরও স্কুল-কলেজ নির্মাণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন।
সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করে সীমান্তসংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দীন পাটোয়ারীর অভিযোগ, কোনো ধরনের দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সফরের পরিকল্পনা অনুযায়ী সীমান্ত পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনের কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সীমান্ত এলাকাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ করেন তিনি।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে চেকপোস্ট সড়কে পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্লোগান দিয়ে তাকে ধাওয়া করেন বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তিনি সহকর্মীদের নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে। পরে তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনকে কাঁটাতারের গেট খুলে সাদিপুর মাঠের শূন্যরেখায় ছেড়ে দেওয়া হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই নাসির উদ্দীন পাটোয়ারী সীমান্ত সফরের ঘোষণা দেন।