‘লোকে বলে’ গানের আলোচিত লুকের নেপথ্যের গল্প জানালেন নুসরাত ফারিয়া

সম্প্রতি প্রকাশিত ‘লোকে বলে’ গানের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে তার গ্ল্যামারাস ও ব্যতিক্রমী উপস্থিতিও আলোচনায় এসেছে।

গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গান প্রকাশের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আলোচিত পোশাক ও সাজের নেপথ্যের গল্প শেয়ার করেছেন ফারিয়া।

ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানান, বহু বছর ধরে সংরক্ষণ করে রাখা একটি ফ্লোরাল প্রিন্টেড স্কার্ট, ডিজাইনার সাফিয়া সাথীর স্টোরে দেখা একটি ফ্রিঞ্জ ডিটেইল এবং স্টাইলিস্ট বাবা যাদবের সাহসী ভাবনার সমন্বয়ে তৈরি হয়েছে ‘লোকে বলে’ গানের প্রথম লুক।

ফারিয়ার ভাষায়, পাঁচ-ছয় বছর ধরে রাখা একটি স্কার্ট, নতুন কিছু নকশা এবং সৃজনশীল স্টাইলিংয়ের সমন্বয়ে তৈরি হয়েছে দেশীয় আবহের, এলোমেলো অথচ গ্ল্যামারাস একটি লুক।

পোশাকের বিস্তারিত তুলে ধরে অভিনেত্রী জানান, সাফিয়া সাথীর তৈরি স্টোন ও জারদৌসি কাজের টপ এবং ‘ড্যাজেল বাই সোনিয়া’র গয়না তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। পুরোনো ও নতুন উপাদানের মিশেলে তৈরি এই লুককে তিনি ‘এক অনন্য ম্যাজিক’ হিসেবে বর্ণনা করেছেন।

‘লোকে বলে’ গানের সাফল্যের মধ্যেই ফারিয়ার এই ফ্যাশন-গল্প ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *