মহাসড়কে যানজট, ঝুঁকি নিয়ে নদীপথে ঢাকায় ফিরছে মানুষ

ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতু এলাকা ও পশ্চিম সংযোগ মহাসড়কে দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়ে অনেক ঢাকামুখী যাত্রী বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন নদীপথ।

শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর নৌঘাটসহ যমুনা নদীর বিভিন্ন ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ ব্যাগপত্র নিয়ে গাদাগাদি করে নৌকায় নদী পার হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

স্থানীয়দের ভাষ্য, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চাপ বাড়ায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলাচল করায় সময় বাঁচাতে অনেক যাত্রী নদীপথ বেছে নিচ্ছেন।

ঢাকাগামী যাত্রী গোলজার হোসেন বলেন, যমুনা সেতুর দিকে দীর্ঘ যানজট থাকায় সড়কপথ এড়িয়ে নৌকায় চৌহালী পার হয়ে ঢাকায় যাচ্ছেন তিনি।

তবে নদীপথে যাত্রা নিয়েও রয়েছে শঙ্কা। স্থানীয় আবুল খায়ের মিয়া জানান, অনেক নৌকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এছাড়া আবহাওয়া হঠাৎ খারাপ হলে দুর্ঘটনার ঝুঁকিও থাকে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই নৌঘাটগুলোতে যাত্রীর চাপ বাড়তে থাকে। প্রতিটি নৌকায় গড়ে শতাধিক যাত্রী পারাপার হচ্ছেন। অধিকাংশ যাত্রীই যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য নদীপথ ব্যবহার করছেন।

এদিকে স্থানীয়দের তথ্য অনুযায়ী, যমুনা সেতু এলাকা ও পশ্চিম সংযোগ মহাসড়কে সকালজুড়ে থেমে থেমে যান চলাচল করেছে। তবে দুপুর ২টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *