ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। সোমবার (২০ জুলাই) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, সৌদি আরবের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে তাদের বাহিনী প্রস্তুত রয়েছে।
হুথিদের দাবি, সৌদি নেতৃত্বাধীন জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং ইয়েমেনের ওপর আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করেছে। এর জবাবে তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে। ইয়াহিয়া সারি বলেন, সানা বিমানবন্দরের ওপর চলমান নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয় এবং অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। আরব পারস্পেকটিভস ইনস্টিটিউটের পরিচালক জেইডন আলকিনানি বলেন, হুথিরা বর্তমান পরিস্থিতিকে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছে। একই সঙ্গে ইয়েমেনের ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানে হুথিদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পর্যবেক্ষকদের আশঙ্কা, নতুন এই উত্তেজনা লোহিত সাগরের নৌপথ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।












