দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সংকট দীর্ঘদিনের এবং পূর্ববর্তী সরকারগুলো এসব সমস্যা কার্যকরভাবে সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পুরো খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে। তবে শিল্প উদ্যোক্তারা সরকারকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত রয়েছেন।
বৈঠকে গ্যাসের চাপ, বিদ্যুৎ সংকট এবং শিল্প খাতের আর্থিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শওকত আজিজ রাসেল জানান, সরকার ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে বসে সমস্যাগুলো পর্যালোচনা করবে।
তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগ সফল হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী এই শিল্পখাত আবারও দ্রুত ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।












