ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাইয়ের একটি অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের একজন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। তার কাছে পিএমওর একটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। আটক ব্যক্তির নাম ২৪ বছর বয়সী রোহান পারেখ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোহান একজন দেহরক্ষী নিয়ে অনুষ্ঠানস্থলে ঘোরাফেরা করছিলেন। ওই দেহরক্ষীর কাছে একটি বন্দুক ছিল। নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাদের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এরপর ভুয়া পরিচয়পত্রের বিষয়টি ধরা পড়ে এবং দুজনকেই আটক করা হয়।
ঘটনার পর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। অস্ত্র ও ভুয়া পরিচয়পত্র নিয়ে তারা কেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাদের উদ্দেশ্য কী ছিল এবং অস্ত্রটির বৈধতা কী—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশ তাদের উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটকের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply