ইংল্যান্ডে আগুন ঝরাচ্ছেন খালেদ-হাসান, প্রথম তিন উইকেটই বাংলাদেশের

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে দুর্দান্ত শুরু করেছেন হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ম্যাচের শুরুতেই ডার্বিশায়ারের প্রথম তিন উইকেটের তিনটিই শিকার করেছেন বাংলাদেশের দুই পেসার।

ম্যাচের প্রথম ওভারেই বল হাতে নেন হাসান মাহমুদ। নতুন বলে অসাধারণ সুইং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। এরপর পরের বলেই ম্যাট মন্টগোমেরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান। অর্থাৎ টানা দুই বলে দুই উইকেট নিয়ে শুরুতেই ডার্বিশায়ারের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন এই বাংলাদেশি পেসার।

এরপর কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় সৈয়দ খালেদ আহমেদের। অভিষেক ম্যাচেই উইকেটের দেখা পান তিনি। ইউসুফ বিন নাইমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের প্রথম কাউন্টি উইকেট তুলে নেন খালেদ। ফলে ডার্বিশায়ারের প্রথম তিন উইকেটই আসে বাংলাদেশের দুই পেসারের হাত ধরে।

কাউন্টিতে এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে আগের তিন ম্যাচে ১৯ উইকেট নিয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। সর্বশেষ উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচেও ৭ উইকেট নিয়েছিলেন এই পেসার। সেই পারফরম্যান্সের পর ডার্বিশায়ারের বিপক্ষেও একাদশে জায়গা ধরে রাখেন হাসান।

অন্যদিকে, খালেদ আহমেদের জন্য এটি দেশের বাইরে কোনো দলের হয়ে খেলার প্রথম সুযোগ। কেন্টের সঙ্গে চার ম্যাচের চুক্তিতে যোগ দিয়েছেন তিনি। কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে বাংলাদেশকে গর্বিত করার প্রত্যয়ও জানিয়েছিলেন এই পেসার।

ম্যাচের শুরুতে বাংলাদেশের দুই পেসারের বোলিংয়ে চাপে পড়ে যায় ডার্বিশায়ার। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৫৯ রান। কেন্টের হয়ে একই ম্যাচে দুই বাংলাদেশি পেসারের এমন দাপুটে বোলিংয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরাও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *