রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সামাজিক মাধ্যমে যা লিখলেন জুলকারনাইন সায়ের

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গুঞ্জনের সূত্র একটি ফেসবুক পোস্ট, যা দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ২৭ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে।

তবে এ দাবির পক্ষে কোনো সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। এ নিয়ে কয়েক দফা আন্দোলনও হয়েছে এবং বিভিন্ন সময় পদত্যাগের গুঞ্জন ছড়ালেও তিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ কারণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য এ মুহূর্তে যাচাইবিহীন দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগ বা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *