ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ভারত এবারের ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আমন্ত্রণকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া অংশীদার দেশের তালিকায় রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের সুযোগ পেলে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপাক্ষিক কূটনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরারও সুযোগ তৈরি হবে।

আগামী সেপ্টেম্বরের এই সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং বহুমুখী আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সদস্য ও অংশীদার দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *