শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের তথ্যমতে, মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং সাংবাদিক মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন বলে তদন্ত সংস্থা শনাক্ত করেছে।

মামলার তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং পরবর্তী বিচারিক কার্যক্রম কীভাবে এগোবে, সে বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *