ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লি-র জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নবগঠিত যুবভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। শনিবার (৬ জুন) সকাল থেকেই বিক্ষোভস্থলে সমর্থকদের সমাগম শুরু হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছে সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আন্দোলনকারীদের জাতীয় পতাকা ও একটি বই সঙ্গে আনার অনুরোধও করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার দুর্বলতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সংগঠনটির মতে, সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষাপদ্ধতির নানা ত্রুটি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বিক্ষোভকে ঘিরে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
সংগঠনটির মুখপাত্র জানান, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আচরণ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা ককরোচ জনতা পার্টি ভারতের তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বেকারত্ব, শিক্ষা খাতের সংকট এবং পরীক্ষায় অনিয়মের মতো বিষয়গুলো সামনে এনে সংগঠনটি দ্রুত সমর্থন অর্জন করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জন্তর মন্তরের এই বিক্ষোভ ভারতের তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন বাস্তব রাজনৈতিক আলোচনায় কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।