হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জসিতা ইসলাম-এর আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রয়েছে।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

আবেদনে অভিযোগ করা হয়েছে, দায়িত্বে অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে দেশে হাম-রুবেলা টিকার সংকট সৃষ্টি হয়, যার ফলে বিপুলসংখ্যক শিশু টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায় এবং দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এতে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের দাবি, পূর্বে ইউনিসেফের মাধ্যমে নিয়মিতভাবে হাম-রুবেলা টিকা আমদানি করা হলেও সংশ্লিষ্ট সময়ে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। এর ফলে টিকা সরবরাহে বিলম্ব এবং সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, সম্ভাব্য টিকা সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় দেশের বিভিন্ন অঞ্চলে হামের বিস্তার ঘটে এবং বহু শিশু আক্রান্ত হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে বিপুলসংখ্যক শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ পরিস্থিতির জন্য অভিযুক্তদের দায়িত্বশীল বলে দাবি করেছেন আবেদনকারী।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ অন্যান্য আইনজীবীরা।

তবে মামলার আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের আদেশের পর মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *