নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবুকে (৪৫) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসি বলছে- টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা হয়ে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে সরবরাহের একটি বড় নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি। মঙ্গলবার (৯ জুন) দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন বাবুল হোসেন। তথ্য ছিল, তিনি ঢাকার কেরানীগঞ্জ থেকে যশোরগামী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যাচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ বাসে তল্লাশি চালায়। পরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, কেরানীগঞ্জের বাসিন্দা হলেও বর্তমানে তিনি যশোরে স্থায়ীভাবে বসবাস করেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের সুবাদে যশোর, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে প্রথমে কেরানীগঞ্জে মজুত করা হতো। এরপর বাসযোগে যশোরে নিয়ে গিয়ে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি মাদক কারবারিদের কাছে সরবরাহ করা হতো। অন্যান্য মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকায় বিকল্প এই রুট ব্যবহার করছিল চক্রটি।
ডিএনসির ভাষ্য, আটক বাবুল এর আগেও একাধিক বড় চালান পাচার করেছে বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএনসি জানিয়েছে, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিস্তার রোধে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।