অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর গুজব: শিক্ষামন্ত্রী

স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল করা হচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনার্স পর্যায়ে এসব বিষয় বাতিলের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বন্ধ করা হচ্ছে বলে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই।”

তবে উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে পাঠ্যক্রমে কিছু পরিবর্তনের বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান চাকরির বাজারে যেসব বিষয়ের চাহিদা বেশি, সেগুলোকে স্নাতক পর্যায়ের পাঠ্যসূচিতে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে মূল্যায়ন করা হচ্ছে।

তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে একইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

বিজ্ঞপ্তিতে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রতি গুরুত্ব না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *