মানিকগঞ্জে চাকা ফেটে খালে পড়ল সেলফি পরিবহনের বাস, নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল এলাকায় পৌঁছে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের দুই সেতুর মাঝখানে থাকা একটি খালে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ক্রেনের মাধ্যমে উদ্ধার করার কাজ চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *