রাজধানীর দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), মো. রাকিব (২৫) এবং মো. হাতিম মিয়া (২১)।
র্যাব জানায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুসসালামের মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ওই নারী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব-৪-এর ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের অবস্থান শনাক্তের পর রোববার ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে হান্নান ওই নারীর স্বামী। ঘটনার দিন মাদক সেবন করে বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন বলে র্যাবের দাবি। এতে ওই নারী গুরুতর আহত হন।
র্যাব আরও জানায়, ঘটনার পর আব্দুল মান্নান অস্ত্রটি তার ছেলে রাকিবের মাধ্যমে বন্ধু হাতিম মিয়ার বাসায় রাখেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয় এবং অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, আব্দুল মান্নান মাদক ব্যবসা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত নারীর চিকিৎসা অব্যাহত রয়েছে।

Leave a Reply