ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে দিয়ে প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তার বোন মাসুমা হাদি।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যাকাণ্ডের সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার চার্জশিট দাখিল হয়নি। তদন্ত প্রতিবেদন ১৮ বার পিছিয়ে যাওয়ায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
লিখিত বক্তব্যে মাসুমা হাদি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও তাদের আইনের আওতায় আনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
মাসুমা হাদি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচারিক অগ্রগতি না হলে বাংলাদেশপন্থি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিচার আদায়ের কর্মসূচি ঘোষণা করা হবে।