এসএসসি ফল প্রকাশে আরও দেরি, জানাল শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ফল প্রকাশের লক্ষ্যে ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ বিভিন্ন কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কাজ সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে

তিনি বলেন,
“আমাদের ২৭-২৮ তারিখ পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে যখন সময় নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে।”

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *