আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুঞ্জন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কথা ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। ফলে সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়নি বলেও তিনি জানান।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কাজ করছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং আগামী ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের জনগণ একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবেন।
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গেছেন। এখন বাংলাদেশ সরকার আলোচনার ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী দেশের তরুণদের সম্ভাবনা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও এর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।









