প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কাজ বাকি রাখেননি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ বাকি রাখেননি। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে মনেপ্রাণে ধারণ করে। তাঁর অভিযোগ, পলাতক ফ্যাসিবাদকে খুশি করার জন্য কোনো কোনো রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখানোর এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা করছে।
তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালের ইতিহাস মুছে দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ভূমিকা আসলে রাজনৈতিক কৌশল, নাকি চাটুকারিতার অংশ।
রিজভী আরও অভিযোগ করেন, ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯০ সালের গণআন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে ওই রাজনৈতিক দলটি জনগণের বিপরীতে অবস্থান নিয়েছিল। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই দলটি এখন এককভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের নামে নেওয়ার চেষ্টা করছে।
শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।











