দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার পর আবারও বড় পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। তবে এই প্রত্যাবর্তনের জন্য একটি শর্তও দিয়েছেন তিনি। আর সেই শর্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। একই সঙ্গে তিনি ববিতার কাছে আবারও চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ জানান।
আলাপচারিতায় শাকিব খান বলেন, “আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আবারও কাজ করতে চাই।”
জবাবে ববিতা জানান, তিনি শুধু অভিনয়ের জন্য অভিনয় করতে চান না। বরং একটি মানসম্মত গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় আছেন।
তিনি শাকিব খানকে উদ্দেশ করে বলেন, “আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন চ্যালেঞ্জিং কিছু করার সুযোগ থাকে। তাহলে আমি করব। কথা দিলাম, তোমার সঙ্গে ছবি করব।”
অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন ববিতা।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। দর্শকমহলে তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ববিতার সাম্প্রতিক এই প্রতিশ্রুতির পর আবারও বড় পর্দায় এই দুই তারকাকে একসঙ্গে দেখার আশা করছেন তাদের ভক্তরা।