সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার একটি অপচেষ্টা শুরু হয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পেছনে কোনো একক রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। আন্দোলনে যারা সরাসরি অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকেই এই গণআন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি অভিযোগ করেন, আন্দোলনে অংশ না নিয়েও এখন অনেকে নিজেদের এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
জামায়াত আমির আরও বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন আন্দোলনের কৃতিত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। অনেকেই নিরাপত্তার অভাবে আত্মগোপনে ছিলেন এবং অনেক ক্ষেত্রে স্বজনদের কাছ থেকেও আশ্রয় পাননি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের অবদান রয়েছে, তাদের কারও ভূমিকা যেন ইতিহাস থেকে হারিয়ে না যায়। সঠিক তথ্য-উপাত্ত সংরক্ষণের মাধ্যমে আন্দোলনের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
অতীতের বিভিন্ন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, আহত ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা আজও সম্পন্ন হয়নি। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের ইতিহাসও যেন হারিয়ে না যায়, সে বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে।
তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং তা প্রাতিষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানান।