Category: Uncategorized

  • জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

    জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান শফিকুর রহমানের

    সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার একটি অপচেষ্টা শুরু হয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনেজুলাই আন্দোলন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পেছনে কোনো একক রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। আন্দোলনে যারা সরাসরি অংশ নিয়েছেন, তাদের প্রত্যেকেই এই গণআন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার।

    তিনি অভিযোগ করেন, আন্দোলনে অংশ না নিয়েও এখন অনেকে নিজেদের এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

    জামায়াত আমির আরও বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন আন্দোলনের কৃতিত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করছেন।

    তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। অনেকেই নিরাপত্তার অভাবে আত্মগোপনে ছিলেন এবং অনেক ক্ষেত্রে স্বজনদের কাছ থেকেও আশ্রয় পাননি।

    সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের অবদান রয়েছে, তাদের কারও ভূমিকা যেন ইতিহাস থেকে হারিয়ে না যায়। সঠিক তথ্য-উপাত্ত সংরক্ষণের মাধ্যমে আন্দোলনের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

    অতীতের বিভিন্ন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ, আহত ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা আজও সম্পন্ন হয়নি। একইভাবে ২০২৪ সালের আন্দোলনের ইতিহাসও যেন হারিয়ে না যায়, সে বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে।

    তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং তা প্রাতিষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানান।

  • সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন

    সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধন

    আজ সোমবার (০৩-০৭-২০২৬) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII), জলসিঁড়ি-এর শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ভিডিও টেলিকনফারেন্স (VTC)-এর মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটসমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

    বাংলাদেশ সেনাবাহিনী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ উদ্দেশ্যকে সামনে রেখে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII) প্রতিষ্ঠিত হয়েছে।

    আশা করা যায়, প্রতিষ্ঠানটি শিক্ষা, আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের এক উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এখানকার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। একই সাথে, জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই মহতী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

    অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংবৃন্দ, ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ভারতে পালানোর পথে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

    ভারতে পালানোর পথে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

    ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

    যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের চাহিদাপত্রের ভিত্তিতে যশোর গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের ৯টি বিশেষ টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপনের উদ্দেশ্যে যশোরে এসেছিলেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন অপরাধ জগতে প্রবেশের পর আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। পরে তিনি ওই গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি লাভ করেন। নগরীর একাধিক হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনায় তার নাম উঠে আসে।

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থান করেও তিনি হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। দাবি অনুযায়ী অর্থ না দিলে হামলা ও গুলিবর্ষণের মতো ঘটনা ঘটানো হতো বলেও অভিযোগ রয়েছে।

    সম্প্রতি চট্টগ্রামের চকবাজার এলাকায় ‘ডিডিএন’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায়ও ডেভিড ইমনের সংশ্লিষ্টতা উঠে আসে। অভিযোগ অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় ১৩ জুলাই সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং নগদ অর্থ ও মূল্যবান সরঞ্জাম লুট করা হয়।

    ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব ও পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত যশোর পুলিশের সহযোগিতায় সীমান্ত দিয়ে ভারতে পালানোর ঠিক আগে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

    পুলিশ জানিয়েছে, ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

  • প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে সিআইডির নেতৃত্বে ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে সিআইডির নেতৃত্বে ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।

    বুধবার (২৯ জুলাই) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

    এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআই-এ কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন।

    ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশাসন ও প্রশিক্ষণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।

    তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন সংশ্লিষ্ট একাধিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

    শিক্ষাগত জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পাশাপাশি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ইন্টারপা (INTERPA) সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক তদন্ত, ফরেনসিক বিজ্ঞান ও পুলিশিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন।

    দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    প্রতিবেদক: নিউজ24BD.Net

  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

    মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, নির্বাচন আয়োজনের সময়সূচি এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

    গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর স্পিকারের সাংবিধানিক দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন।

    রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। আইন অনুসারে স্পিকারের সঙ্গে পরামর্শ করেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন জাতীয় সংসদের সদস্যরা। ফলে তফসিল ঘোষণার পর সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

  • চায়না ইকোনমিক জোনে এক লাখের বেশি কর্মসংস্থান হবে: অর্থমন্ত্রী

    চায়না ইকোনমিক জোনে এক লাখের বেশি কর্মসংস্থান হবে: অর্থমন্ত্রী

    চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

    সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে এই বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের লক্ষ্য এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, যার মধ্যে শুধু এই অর্থনৈতিক অঞ্চলেই এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    তিনি জানান, বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামো উন্নয়নসহ সব মিলিয়ে শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।

    অর্থমন্ত্রী আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু শিল্পকারখানা স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখানে শক্তিশালী সাপ্লাই চেইন, লজিস্টিকস, আবাসন, পরিবহন, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

    পুঁজিবাজারের উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার দেশের পুঁজিবাজারকে সম্পূর্ণ পুনর্গঠন করছে। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রকল্পের অর্থায়ন সহজ হবে এবং বাংলাদেশি বিনিয়োগকারীরাও এসব শিল্পপ্রতিষ্ঠানের অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

    তিনি আরও বলেন, উচ্চ সুদের ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে বিনিয়োগকারীদের ব্যয় কমবে এবং শিল্পায়নের গতি আরও বাড়বে।

    দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বা আনোয়ারায় একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তার মতে, এই কেন্দ্র ভবিষ্যতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ কর্মী তৈরি করবে এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগও বাড়াবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

    অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ।

    রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    পরে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি রয়েছে তাঁর।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক কর্মসূচি শেষে বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ।

  • কে এই ‘কাকরোচ’ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে?

    কে এই ‘কাকরোচ’ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে?

    ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই তরুণকে ঘিরে এখন দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা।

    মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা অভিজিতের বাবা ভগবান শঙ্কর দীপকে ও মা অনিতা দীপকে ছেলের সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে তাঁদের পরিবারে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন তারা।

    অভিজিতের মা অনিতা দীপকে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে। সেই দাবির বাস্তবায়ন আন্দোলনকারীদের বিজয়। তিনি বলেন, নানা বাধা, হামলা ও অপমানের মুখেও ধৈর্য ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাঁর ছেলে।

    অভিজিতের পরিবারে আগে কখনও রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল না। অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার ভগবান শঙ্কর দীপকের ইচ্ছা ছিল ছেলে প্রশাসনিক কর্মকর্তা হবেন। তবে অভিজিতের আগ্রহ ছিল সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে।

    পুণের সিংহগড় ইনস্টিটিউটে প্রকৌশল বিষয়ে পড়াশোনা শুরু করলেও পরে তিনি সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে যান এবং চলতি বছর পাবলিক রিলেশনসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের পর ব্যঙ্গাত্মক একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ‘কাকরোচ জনতা পার্টি’ গঠন করেন অভিজিৎ দীপকে। পরবর্তীতে নিটসহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এলে সেই ডিজিটাল উদ্যোগ দ্রুত ছাত্র আন্দোলনের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের হাজারো শিক্ষার্থী এই আন্দোলনে যুক্ত হয় এবং অভিজিৎ আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিতি পান।

    পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের সময় অভিজিতের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। আন্দোলনের কারণে বাড়ির বাইরে পুলিশ মোতায়েন থাকায় অনেক সময় গৃহবন্দী অবস্থায় দিন কাটাতে হয়েছে বলেও দাবি করেন তারা।

    প্রথমদিকে ছেলে রাজনীতিতে যুক্ত হোক, তা চাননি মা অনিতা। তবে পরে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে দেখে তিনি ছেলেকে সমর্থন জানান। অন্যদিকে বাবা ভগবান শঙ্কর দীপকে বলেন, তিনি কখনও ভাবেননি তাঁর ছেলে এত অল্প বয়সে দেশজুড়ে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠবেন। তবে তাঁর বিশ্বাস, অভিজিৎ সক্রিয় দলীয় রাজনীতিতে যোগ দেবেন না।

    তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

    ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

    দেশের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা রপ্তানি খাতকে আরও গতিশীল করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২২ জুলাই) জারি করা এক নির্দেশনায় ফ্রিল্যান্সারদের জন্য একাধিক নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ফ্রিল্যান্সাররা এখন বিদেশি ক্রেতা বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত আয়ের বিপরীতে প্রচলিত রপ্তানি নথির পরিবর্তে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল, ইনভয়েস ও অন্যান্য ডিজিটাল যোগাযোগ প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে বিদেশ থেকে আয়ের অর্থ দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

    এ ছাড়া সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করা যাবে। অনুমোদিত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগও রাখা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ ইস্যুর সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি এমএফএস ও পিএসপির মাধ্যমে বৈদেশিক লেনদেনের পরিধিও বাড়ানো হয়েছে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের বৈদেশিক আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

    খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এ উদ্যোগ আনুষ্ঠানিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, ডিজিটাল সেবা রপ্তানি সম্প্রসারণ এবং দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ৯৬ বছরের রেকর্ডে ভাগ বসালেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য ইতিহাস

    ৯৬ বছরের রেকর্ডে ভাগ বসালেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য ইতিহাস

    বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে ইতিহাসের পাতায় আরও একটি নতুন অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। ৯৬ বছর পুরোনো আর্জেন্টিনার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বেও গড়েছেন নজিরবিহীন এক কীর্তি।

    বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিসরের বিপক্ষে শুরুতে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

    এই অবিশ্বাস্য জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে পেনাল্টি থেকে সফল হতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। তার গোলেই বদলে যায় ম্যাচের গতি এবং আর্জেন্টিনার প্রত্যাবর্তনের ভিত্তি তৈরি হয়।

    মিসরের বিপক্ষে করা গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির অষ্টম গোল। এর মাধ্যমে তিনি ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের গড়া এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ ৮ গোলের রেকর্ডে ভাগ বসান। প্রায় ৯৬ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ডে এবার যুক্ত হলো মেসির নাম।

    শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি নকআউট ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বড় ম্যাচে ধারাবাহিকভাবে গোল করার এই রেকর্ড তার অসাধারণ ধারাবাহিকতা ও নেতৃত্বেরই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

    এছাড়া এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা নয় ম্যাচে গোল করার নজিরও ধরে রাখলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা ছয়টির বেশি ম্যাচে গোল করতে পারেননি। সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

    ৩৯ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজের সেরা ছন্দ ধরে রেখেছেন মেসি। প্রতিটি ম্যাচেই নতুন নতুন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করে চলেছেন, বয়স কেবল একটি সংখ্যা—ফুটবলের মঞ্চে তার প্রভাব এখনও আগের মতোই অটুট।

    কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে। আর সেই স্বপ্নপূরণের পথেও সবচেয়ে বড় ভরসার নাম লিওনেল মেসি।