চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে এই বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের লক্ষ্য এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, যার মধ্যে শুধু এই অর্থনৈতিক অঞ্চলেই এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি জানান, বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামো উন্নয়নসহ সব মিলিয়ে শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু শিল্পকারখানা স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখানে শক্তিশালী সাপ্লাই চেইন, লজিস্টিকস, আবাসন, পরিবহন, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
পুঁজিবাজারের উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার দেশের পুঁজিবাজারকে সম্পূর্ণ পুনর্গঠন করছে। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রকল্পের অর্থায়ন সহজ হবে এবং বাংলাদেশি বিনিয়োগকারীরাও এসব শিল্পপ্রতিষ্ঠানের অংশীদার হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, উচ্চ সুদের ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করলে বিনিয়োগকারীদের ব্যয় কমবে এবং শিল্পায়নের গতি আরও বাড়বে।
দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বা আনোয়ারায় একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তার মতে, এই কেন্দ্র ভবিষ্যতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ কর্মী তৈরি করবে এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগও বাড়াবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।