দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, নির্বাচন আয়োজনের সময়সূচি এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর স্পিকারের সাংবিধানিক দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। আইন অনুসারে স্পিকারের সঙ্গে পরামর্শ করেই তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেন জাতীয় সংসদের সদস্যরা। ফলে তফসিল ঘোষণার পর সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।