বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআই-এ কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশাসন ও প্রশিক্ষণ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন সংশ্লিষ্ট একাধিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
শিক্ষাগত জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পাশাপাশি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ইন্টারপা (INTERPA) সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশ নিয়ে আধুনিক তদন্ত, ফরেনসিক বিজ্ঞান ও পুলিশিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক: নিউজ24BD.Net