নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত থেকে আগেই আইভীর জামিন মঞ্জুর হয়েছিল। বুধবার রাতে কারাগারে জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাগারের বাইরে তার পরিবারের সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন আদালতের মাধ্যমে জামিন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসভবন থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে একই ধরনের আরও ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতিও ছিলেন।