বিএনপিই আমার শেষ ঠিকানা: পদত্যাগের পরও দলের প্রতি আনুগত্যের ঘোষণা দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই দলের সঙ্গেই থাকব। বিএনপিই আমার শেষ ঠিকানা।”

বুধবার (৩ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের জনগণকে শান্তি, সম্প্রীতি ও ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, তার পদত্যাগকে কেন্দ্র করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় যে আবেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন।

দীপেন দেওয়ান পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

বিবৃতিতে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সূত্রে দেশপ্রেম, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং জাতীয়তাবাদী আদর্শ তার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতেই দলের প্রতি তার আনুগত্য ও অঙ্গীকার অটুট থাকবে। জনগণের কল্যাণ, পার্বত্য অঞ্চলের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতির শেষাংশে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে মতপার্থক্য থাকলেও বিভেদ নয়, বরং সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *