বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও চারজন কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী চার কমিশনার হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন

কমিশনার মো. সাইফউদ্দিন বলেন, তারা সবাই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

পদত্যাগের পর এক বার্তায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, ২১ মাস দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় পুঁজিবাজার একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময়ে কমিশন বাজারের শৃঙ্খলা ও আইনি কাঠামো শক্তিশালী করতে একাধিক সংস্কার কার্যক্রম হাতে নেয়। তাদের মেয়াদে মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ ও হুইসেলব্লোয়ার সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ বিধিমালা জারি করা হয়েছে। এছাড়া করপোরেট সুশাসন, অডিট এবং করপোরেট পুনর্গঠন বিষয়ক নতুন নির্দেশিকার খসড়াও জনমতের জন্য প্রকাশ করা হয়েছে।

রাশেদ মাকসুদ আরও জানান, কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন-এর খসড়াও প্রস্তুত করেছে।

উল্লেখ্য, খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে পর্যায়ক্রমে মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সাইফউদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিএসইসির ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে পাঠানো এক নোটিশে জানানো হয়, অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার কমিশনের এক বৈঠকের পর চেয়ারম্যান ও কমিশনাররা ব্যক্তিগত সামগ্রী নিয়ে কার্যালয় ত্যাগ করেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের কেউই কার্যালয়ে ফেরেননি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *