হামে শিশু মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনকে আসামি করা হয়েছিল।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক জসিতা ইসলাম মামলার আবেদনটি খারিজ করে দেন।

এর আগে সকালে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ব্যাপক বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে।

মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, সময়মতো হামের টিকা আমদানি ও সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আবেদনকারী তার বক্তব্যে দাবি করেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতেই টিকা ব্যবস্থাপনা নিয়ে জটিলতা সৃষ্টি করা হয়েছিল।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তর-এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

তবে আদালত অভিযোগ ও আবেদন পর্যালোচনা শেষে মামলাটি গ্রহণ না করে আবেদন খারিজ করে দেন। আদালতের এ আদেশের ফলে আপাতত এ বিষয়ে ফৌজদারি মামলা হিসেবে কোনো বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *