কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মহাসড়ক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় কয়েকটি যানবাহন আটক করলে চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ চালকরা সংঘবদ্ধ হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় হাইওয়ে পুলিশের একটি জিপ (পিকআপ) গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।