আ.লীগের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ও আদালত: রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। ফলে কে নির্বাচনে অংশ নিতে পারবেন বা পারবেন না, সে বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন ও আদালত সিদ্ধান্ত নেবে। অন্য কোনো রাজনৈতিক দলের মতামত বিএনপির বিবেচ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, যেহেতু নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে, তাই দল এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সময়মতো দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

দলের জাতীয় কাউন্সিল প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে কাউন্সিল আয়োজনের কথা জানিয়েছেন। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *