পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর সেই পোস্টের মন্তব্য ঘরে হাজির হয়ে রসিকতা করে পুরোনো ‘ইনোসেন্স’ বিতর্ক ফের সামনে আনলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। দুই তারকার মন্তব্যের আদান-প্রদান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি বোন ও মা-বাবার সঙ্গে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন দেব। সেই পোস্টে শুভশ্রী মন্তব্য করেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!’ শুভশ্রীর এই রসিক মন্তব্যের জবাবও দেন দেব। তিনি লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতোই আজও আছে যে সবই এক।’ তাঁদের এই কথোপকথন ঘিরে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
‘ইনোসেন্স’ প্রসঙ্গটির সূত্র অবশ্য বেশ পুরোনো। এর আগে ‘ধূমকেতু’ ছবির প্রচারের সময় দেব শুভশ্রীর বর্তমান ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে তখন আলোচনা ও মনোমালিন্য তৈরি হয়েছিল। পরে দেব জানান, ওই ঘটনার পর একসময় তিনি শুভশ্রীর ফোন নম্বর মুছে দিয়েছিলেন। তবে তাঁদের যোগাযোগ পুরোপুরি কখনো বন্ধ হয়নি বলেও জানিয়েছেন তিনি।
একসময় প্রেমের সম্পর্কেও ছিলেন দেব ও শুভশ্রী। সম্পর্কের অবসানের পর দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেলেও দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন তাঁরা। ‘দেশু ৭’ সিনেমাকে কেন্দ্র করে তাঁদের এই পেশাগত পুনর্মিলন ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সাম্প্রতিক সময়ে সিনেমার প্রচারণায় একসঙ্গে হাজির হয়ে পুরোনো স্মৃতি নিয়েও কথা বলেছেন দুই তারকা। এমনকি অতীতে তাঁদের মধ্যে যে পরিণত বোঝাপড়ার অভাব ছিল, তা নিয়েও মন্তব্য করেছেন দেব। অন্যদিকে দুজনই জানিয়েছেন, এবার আর ঝগড়া বা একে অপরের নম্বর ব্লক করার মতো পরিস্থিতিতে যেতে চান না।
সব মিলিয়ে দেবের পারিবারিক ছবিতে শুভশ্রীর একটি রসিক মন্তব্য পুরোনো ‘ইনোসেন্স’ বিতর্ককে আবারও আলোচনায় এনেছে। তবে তাঁদের বর্তমান সম্পর্ককে ঘিরে ব্যক্তিগত জল্পনার চেয়ে ‘দেশু ৭’-এর মাধ্যমে দুই তারকার পেশাগত পুনর্মিলনই এখন আলোচনার বড় বিষয়।

Leave a Reply