ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় লাফিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (২০ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করে, যা গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের ফিউচার ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২ দশমিক ১৯ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি তেলের বাজারে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধিগুলোর একটি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক পদক্ষেপের কারণে সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক তেলের মজুত বর্তমানে গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে সরবরাহে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির কারণ হতে পারে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি মূল্যস্ফীতির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *