ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত একটি পুরুষদের পেইং গেস্ট (পিজি) ভবনটি ধসে পড়ে। প্রায় ৫০ বছরের পুরোনো ভবনটিতে একটি বেজমেন্ট ও পাঁচটি তলা ছিল। দুর্ঘটনার সময় ভবনের বেজমেন্টে সংস্কারকাজ চলছিল বলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা জানিয়েছেন।
ভবন ধসের পরপরই দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন—এমন আশঙ্কায় রাতভর উদ্ধার তৎপরতা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নেন। ভবনটিতে শিক্ষার্থীদের বসবাস ছিল এবং ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় অনেকেই সেখানে ছিলেন বলে স্থানীয়দের বরাতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজন ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানা যায়।
উদ্ধার করা ব্যক্তিদের কয়েকজনকে দিল্লির এআইআইএমএস ট্রমা সেন্টার ও অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজ তদারকি করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং উদ্ধার অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।
ভবন ধসের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে বেজমেন্টে চলমান সংস্কারকাজ এবং ভবনের কাঠামোগত দুর্বলতার বিষয়টি তদন্তের আওতায় এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply