সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার রাতে ভূক্তভোগী মাহাবুবুর রহমান বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার ভিটিকান্দি গ্রামের মাহাবুবুর রহমানের সাথে একই এলাকার মোক্তার হোসেনের দীর্ঘদিন ধরে ৩০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মাহাবুবুর রহমান, আব্দুর রউফ, মো. মঞ্জুর হোসেন ও রুহুল আমিন বাদি হয়ে নারায়ণগঞ্জ যুগ্ম দ্বিতীয় জজ আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত ওই জমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। কিন্তু আদালতের এ নির্দেশনা অমান্য করে গত রোববার সকালে মোক্তার হোসেনের নেতৃত্বে আব্দুল লতিফ, মোন্তাজউদ্দিন, মো. মানিক মিয়া, ফজল হক,রূপ চাঁন মিয়া, পিয়ার জাহান, শরীফ ও মো.রশিদসহ ১৫-২০জনের একটি দল ওই জমি জোরপূর্বক দখল করে বালু ভরাট করে। এ ঘটনায় রাতে ভূক্তভোগী মাহাবুবুর রহমান বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী রুহুল আমিন জানান, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে তারা ৪ভাই নামজারী করে সরকারী খাজনা পরিশোধ করে ভোগ দখলে আছেন। সম্প্রতি হঠ্যাৎ করে রামগোবিন্দের গাঁও গ্রামের মোক্তার হোসেন ভূয়া দলিল তৈরি করে এ জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অমান্য করে এ জমিতে জোরপূর্বক বালু ভরাট করে।
অভিযুক্ত মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৯০ শতাংশ সম্পত্তিতে আদালতের মামলা হয়েছে। তার নামে কোন মামলা নেই। মানিক ও রূপচাঁনের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে থানায় অভিযোগ হলে কাগজপত্র নিয়ে জবাব দিবেন। তিনি যে জমিতে বালু ভরাট করছেন এ জমিতে কোন মামলা নেই ।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ গ্রহন করা হয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *