বায়লা ফিউচার সামিটে বৈশ্বিক বাণিজ্য মেলার সুযোগ তুলে ধরল মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ

তৈরি পোশাক (আরএমজি) ও টেক্সটাইল খাতের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে বৈশ্বিক সুযোগ তুলে ধরতে বায়লা ফিউচার সামিট ২০২৬-এ অংশ নিয়েছে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ।

২০-২১ জুলাই রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে এবং তাদের আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাকবিষয়ক বাণিজ্য প্রদর্শনীগুলো সম্পর্কে অবহিত করে।

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত এ সম্মেলনে শিল্পখাতের নেতৃবৃন্দ, প্রস্তুতকারক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড, প্রযুক্তি প্রদানকারী, নীতিনির্ধারক এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টেকসই উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানজুড়ে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেক্সটাইল ও পোশাকবিষয়ক বাণিজ্য মেলাগুলোর প্রচার করে এবং প্রস্তুতকারক, রপ্তানিকারক, ক্রেতা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের প্রদর্শক ও দর্শনার্থী হিসেবে অংশগ্রহণের আহ্বান জানায়, যাতে তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পান।

এ সময় বায়লার পরিচালক এবং জায়ান্ট গ্রুপ বাংলাদেশের পরিচালক আজফার আনকন হাসান মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উৎপাদন খাতের বৈশ্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বিশ্বের অন্যতম শীর্ষ ট্রেড ফেয়ার আয়োজক হিসেবে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ জানায়, তারা প্যারিস, নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি বায়লা ফিউচার সামিট ২০২৬-এর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্টল পরিদর্শনকারী সকল দর্শনার্থীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বিশ্বমানের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *