বিএসইসির নতুন নির্বাহী পরিচালক হলেন আবুল কালাম

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আবুল কালাম। এর আগে তিনি কমিশনের পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৩ জুন) বিএসইসির সহকারী পরিচালক ইনজামুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। একই দিন থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

বিএসইসির সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশনের আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবুল কালামকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তার যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

কর্মজীবনে আবুল কালাম ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগ দেন। পরবর্তীতে দীর্ঘ সময় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি বিএসইসির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

বিএসইসিতে যোগদানের আগে তিনি পূবালী ব্যাংক-এ ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ১৯৯৫ সালে আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ কলেজ-এর অ্যাকাউন্টিং বিভাগে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের প্রেক্ষাপটে সংস্থাটিতে প্রশাসনিক পরিবর্তনের আলোচনা চলমান রয়েছে। আবুল কালামের পদোন্নতির পরও বিএসইসিতে নির্বাহী পরিচালকের দুটি পদ এখনো শূন্য রয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, এসব পদেও শিগগিরই নিয়োগ দেওয়া হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *