ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে মোবাইল টিম, লার্ভা পেলেই জরিমানা

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম পরিচালনা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, কোনো বাসা-বাড়ি, প্রতিষ্ঠান বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসকদের সঙ্গে বৈঠক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। খুব শিগগিরই মোবাইল টিম মাঠপর্যায়ে কাজ শুরু করবে। তবে শুরুতেই কঠোর শাস্তিমূলক পদক্ষেপের পরিবর্তে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর ২৮টি ওয়ার্ডে ইতোমধ্যে এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হওয়ার আগেই উৎসস্থলে ধ্বংস করতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।

সিটি করপোরেশনকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নগরজুড়ে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক মোবাইল টিম পরিচালনা করে বাড়ি-বাড়ি তল্লাশি চালাতে হবে। যেসব বাড়ি বা প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরও সতর্ক করে তিনি বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এ সময় তিনি দেশের নাগরিকদের ঘরের আঙিনা, ছাদ, ড্রেন, টব, জলাধার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজামান চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালামসহ স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *