জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে আবেগাপ্লুত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাদুঘরে সংরক্ষিত শহীদদের স্মৃতিচিহ্ন, চিঠি ও গণঅভ্যুত্থানের বিভিন্ন দলিল দেখার পর তিনি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি ও গণতন্ত্র ফিরে পেলেও এর জন্য দেশকে অনেক বেশি মূল্য দিতে হয়েছে। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যান রাষ্ট্রপতি। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম। জাদুঘরে পৌঁছালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি দর্শনার্থীর টিকিট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করেন। এরপর ‘লংওয়াক টু ডেমোক্রেসি’ ওয়াকওয়ে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ঐতিহাসিক অধ্যায় অবলোকন করেন। পরে দীর্ঘ ১৬ বছরের শাসনামলে শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল, রেপ্লিকা আয়নাঘর, বিডিআর ট্র্যাজেডি, শাপলা চত্বর, নির্যাতনের বিভিন্ন সামগ্রী এবং জোরপূর্বক গুমসংক্রান্ত সেকশন ঘুরে দেখেন।
জাদুঘরের বিভিন্ন নিদর্শন ও শহীদদের লেখা চিঠি এবং স্মৃতিচিহ্ন দেখে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তিনি জাদুঘর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং মনসুন থিয়েটারে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখেন। জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ও সংরক্ষিত দলিল সম্পর্কে তাকে ব্রিফ করেন গবেষণা দলের সদস্যরা।
পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এই স্মৃতি সংরক্ষণের গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি এবং গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু এর জন্য মূল্য দিতে হয়েছে অনেক বেশি। একই সঙ্গে ভবিষ্যতে যেন দেশে এ ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ আর না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply