সিরাজগঞ্জে বজ্রপাত, বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের পর মন্ত্রীর বাসার প্রধান ফটকের পাশে থাকা গ্যাস লাইনের একটি রাইজারে হঠাৎ আগুন ধরে যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড়ির নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান। মন্ত্রীর বাসার প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন। ৫ সেপ্টেম্বর চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছিলেন।

বজ্রপাতের সময় গ্যাসলাইন ও বৈদ্যুতিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *