গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশে গণমাধ্যম নিজস্ব গতিতে কাজ করবে, তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখতে হবে।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এর চট্টগ্রাম প্রেসক্লাবস্থ কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা হলো গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। তবে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে অপপ্রচার চালানো বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, এআই প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কে সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে সরকার উদ্যোগ নিয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও সাংবাদিককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতেও সরকার কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে সংবাদমাধ্যমের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং সমালোচনার মাধ্যমে ভুলত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু সুফিয়ান এবং ওবায়দুর রহমান শাহীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।