চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) বাংলাদেশ সচিবালয়ে সরকারের প্রথম তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসির ফলাফল আমরা ২০ জুলাই প্রকাশ করব। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এইচএসসি পরীক্ষার রুটিনসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও ঘোষণা করা হয়েছে।”
শিক্ষাব্যবস্থায় কারিকুলাম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘লার্নিং গ্যাপ’ তৈরি হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে শেখার ফলাফলভিত্তিক (লার্নিং আউটকাম বেজড) শিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সে অনুযায়ী শিক্ষাক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। অধিকাংশের মতামত ছিল, রমজানের আগেই পরীক্ষা শেষ করা উচিত।
তিনি বলেন, “আমরা ৭ জানুয়ারি পরীক্ষা শুরু করে ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করেছি। এ বিষয়ে একটি রুটিনও প্রকাশ করা হয়েছে। আপাতত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।”
মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় সেশনজট দূর করা সরকারের অন্যতম লক্ষ্য। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ধারিত মেয়াদের কোর্স নির্ধারিত সময়েই শেষ করার জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সমন্বিতভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তার ভাষায়, “তিন বছরের কোর্স তিন বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনো ধরনের অযৌক্তিক বিলম্ব বা সেশনজট রাখা হবে না।”
শিক্ষামন্ত্রী জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিও একইভাবে সমন্বয়ের চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অপ্রয়োজনীয় সময় নষ্ট না হয়। দেশের তরুণ জনগোষ্ঠীকে দ্রুত কর্মজীবনে যুক্ত করতে শিক্ষা ব্যবস্থার সময় ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।