প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চতুর্থ সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এই বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের অবকাঠামো, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রকল্পগুলো প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের কয়েকটি উদ্যোগও একনেকের বিবেচনায় রয়েছে।
সভায় আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ‘চীনা অর্থনৈতিক জোন স্থাপন’ প্রকল্প। প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও চীন-এর মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।
এছাড়া সভায় উপস্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্প।
পরিকল্পনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, প্রশাসনিক সেবা আধুনিকীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় প্রকল্পগুলোর ব্যয়, অর্থায়নের উৎস এবং বাস্তবায়ন সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পসমূহের চূড়ান্ত ব্যয় এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফিং করবে পরিকল্পনা মন্ত্রণালয়।
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এবারের একনেক সভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অবকাঠামো ও বিনিয়োগবান্ধব প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।