মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় বিশ্রামে তানিয়া বৃষ্টি, মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন নির্মাতা

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর তার কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং বিশ্রামে আছেন।

মৃত্যুর গুজব প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, “সত্যি না; তিনি ঠিক আছেন।”

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শারীরিক অবস্থার আপডেট দেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।”

সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।”

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী জানান, ঈদ উপলক্ষে তিনি ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলবেন।

অসুস্থতার কারণে কিছুদিন ধরে শুটিং থেকে দূরে থাকলেও এবারের ঈদে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক প্রচারিত হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এসব নাটকের কাজ শেষ করেছিলেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *