৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে সোমবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজারান এলাকার কাছে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কুজারান থেকে প্রায় ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।

এর মাত্র একদিন আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ফলে টানা দুই দিনের ব্যবধানে দুটি উল্লেখযোগ্য ভূমিকম্পে দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে কেরমানশাহ, খুজেস্তান ও হরমোজগান অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। অগভীর গভীরতায় উৎপন্ন ভূমিকম্প জনবসতিপূর্ণ এলাকায় বেশি ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করেছেন ভূতত্ত্ববিদরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *