সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে এমআইএসটিতে প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেছেন। সোমবার (২০ জুলাই) সকালে তিনি এমআইএসটির সাইবার রেঞ্জ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, পেটেন্ট উদ্যোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ। তিনি সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং দেশীয় প্রযুক্তি বিকাশে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি এমআইএসটির গবেষণা কার্যক্রমকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় শিল্পে রূপান্তরের আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও শিল্পখাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা আরও সম্প্রসারণের ওপর জোর দেন।

পরিদর্শনের সময় আন্তর্জাতিক MATEROV International Underwater Robot Competition 2026-এ চ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির দলকে অভিনন্দন জানান প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি তরুণ গবেষক ও উদ্ভাবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা সুবিধা এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। শেষে তিনি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *